করোনা স্বাস্থ্যসেবায় বাংলায় হোয়াটস অ্যাপ বট উদ্বোধন
দেশের সাড়ে ৩ কোটি হোয়াটস অ্যাপব্যবাহারকারীদের মধ্যে করোনা স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার জন্য ‘একটি ইনফোবট’ সেবা চালু করেছে আইসিটি বিভাগ। এর ফলে এখন থেকে হোয়াটস অ্যাপ থেকে ০১৬৭৮৩৮৯৯৫৬ নম্বরে বাংলায় ‘হ্যালো’ শব্দ লিখে মেসেজ পাঠালেই ফিরতি বার্তায় কোভিড -১৯ বিষয়ক নির্ভরযোগ্য স্বাস্থ্য-তথ্যসেবা পাওয়া যাবে। এমনকি এখান থেকে করোনার উপসর্গ থাকা ব্যক্তি ঘরে বসেই রোগসাক্তকরণ পরীক্ষার সুবিধাও পাবেন। এজন্য ২০ রোগতত্ব বিশেষজ্ঞ এই বিষয়টি নিয়ে কাজ করছেন। ব্যবহারকারী ডাক পেলেই কর্তৃপক্ষ ‘জিও লোকেশন’ অনুযায়ী হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর বাসায় পৌঁছে গিয়ে সেবা দেবেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় হোয়াটসঅ্যাপকে এই বটটি তৈরিতে সহযোগিতা করেছে নূরা হেলথ এবং টার্ন ডট আইও।
বৃহস্পতিবার অনলাইন সংবাদ সম্মেলনে এই সেবাটি উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হোয়াটসঅ্যাপের ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের গণস্বাস্থ্য বিভাগের পরিচালক সিভনাথ থাকরাল, নূর হেলথ এর প্রেসিডেন্ট ডক্টর শাহেদ আলম এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষণা বিভাগের পরিচালক ডাক্তার ইকবাল কবির এবং এলআইসিটি প্রকল্পের আইটি-আইটিইএস পলিসি অ্যডভাইজার সামি আহমেদ বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সবার কাছে করোনা বিষয়ক সচেতনতা তুলে ধরতে আজ এই বট সেবা চালু করা হলো। প্রযুক্তিভিত্তিক অন্তর্ভুক্তিমূলক সলিউশনের অংশ হিসেবে হোয়াটসঅ্যাপের প্রায় সাড়ে ৩ কোটি ব্যবহারকারিদের জন্য সরকার এ ইনফোবটটি চালু করেছে। আগামীতে এর আরও উন্নয়ন ও ইন্টারঅ্যাকটিভ করা হবে এবং এ পর্যন্ত যতগুলো অ্যাপ সলিউশন তৈরি করা হয়েছে সবগুলোকে সমন্বয় করা হবে।
আগামী ৩ সপ্তাহের মধ্যে আমরা করোনা রোগীর অবস্থান সনাক্তের জন্য কন্টাক্ট ট্রেসিং সুবিধাও চালু করা হবে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী।